বরগুনার আমতলীর পশ্চিম সোনাখালী গ্রামে জমিজমা নিয়ে বিরোধ কেন্দ্র করে আটজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে আব্দুস সালাম প্যাদা পক্ষের সঙ্গে একই বংশের ইউছুফ প্যাদা পক্ষের সোনাখালী মৌজার ৩ একর ৮৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইউছুফ প্যাদা পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে জমি দখল করতে যায়। এ সময় আব্দুস সালাম প্যাদা পক্ষ বাধা দিলে ইউছুফ প্যাদা পক্ষ মো. জাহিদুল (২৫), আল-আমিন (২৬), কাওসার প্যাদা (৩০), হালিমা খাতুন (৫২), জুলেখা (৫০), আব্দুস সালাম প্যাদা (৬৫), ঝরনা বেগম (৩৭) ও শাহিনুরকে (২৭) দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত জাহিদুল ও কাওসার প্যাদাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউছুফ প্যাদা পক্ষের দুধাল প্যাদা বলেন, তাদের জমিতে তারা প্রবেশ করলে তার ভাইসহ আটজনকে মারধর করে আহত করেছে আব্দুস সালাম প্যাদারা। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. নিখিল চন্দ্র শীল বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম ও গুরুতর আঘাত পাওয়া গেছে। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’