প্রধান উপদেষ্টার বাণী

শিশুদের স্বপ্ন সৃজনশীলতায় সমৃদ্ধ বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের হাসি-খুশি মুখই নতুন বাংলাদেশের আশার প্রতীক। তাদের স্বপ্ন ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ। আজ ৬ অক্টোবর ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫’ উপলক্ষে গতকাল রবিবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

বাণীতে তিনি দিবসটি উপলক্ষে দেশের শিশুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলেন, ‘আমাদের অঙ্গীকার হোক প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশের পূর্ণ সুযোগ নিশ্চিত করা।’

প্রধান উপদেষ্টা বলেন, শিশুদের সৎ, মমতাময় ও মুক্ত চিন্তার পরিবেশে বড় হতে দিলে তারা আগামী দিনে হবে যোগ্য নাগরিক যারা বিজ্ঞান, শিল্প-সাহিত্য, প্রযুক্তি, ক্রীড়া ও নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।’ তিনি বলেন, ‘আজও দারিদ্র্য, শিশুশ্রম, সহিংসতা ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ রয়ে গেছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত প্রয়াস। আর এ প্রয়াসের মাধ্যমেই পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগেই শুধু শিশুদের অধিকার রক্ষা এবং সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।’

প্রধান উপদেষ্টা দিবসটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি “বিশ্ব শিশু দিবস-২০২৫” আমাদের নতুন প্রতিজ্ঞায় উজ্জীবিত করবে, যাতে প্রতিটি শিশু নিরাপদ ও সৃজনশীল পরিবেশে বেড়ে ওঠে। শিশুদের জন্য একটি আলোকিত আগামী গড়াই হবে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।’