সৃষ্টির বৈচিত্র্যে স্রষ্টার মহিমা

মানবজাতি যখন আকাশের দিকে তাকায়, তখন সীমাহীন বিস্ময়ে ডুবে যায়। নক্ষত্রখচিত আকাশ, চন্দ্র-সূর্যের নির্ভুল গতিবিধি, বাতাসের প্রবাহ কিংবা মেঘের সঞ্চালন, সবকিছুই যেন এক অদৃশ্য শক্তির নিখুঁত পরিকল্পনায় পরিচালিত। মানুষ যতই অগ্রসর হোক, বিজ্ঞান যতই নতুন নতুন রহস্য উন্মোচন করুক, প্রকৃতির অসীম বৈচিত্র্যের সামনে সে প্রতিনিয়ত বিস্মিত। এই প্রাকৃতিক বৈচিত্র্য মহান আল্লাহর সৃষ্টিশীলতার এক অনুপম নিদর্শন।

কোরআন মাজিদে বারবার মানুষকে আহ্বান জানানো হয়েছে আসমান-জমিন ও সৃষ্টিজগৎ নিয়ে চিন্তা করার জন্য। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত-দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা আলে ইমরান ১৯০) প্রকৃতিতে বিরাজমান মহান নানা সৃষ্টি সম্পর্কে বিবরণী উল্লেখ করা হলো।

পর্বত ও পৃথিবীর ভারসাম্য : পৃথিবীর ভূগঠনে পর্বতমালা এক বিশেষ ভূমিকা রাখে। বিজ্ঞানের ভাষায় পাহাড় হচ্ছে টেকটোনিক প্লেটের সংঘর্ষ থেকে গঠিত এক বিশাল কাঠামো, যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আমি পৃথিবীতে দৃঢ় পর্বত স্থাপন করেছি, যাতে তা তাদের নিয়ে কাঁপতে না পারে।’ (সুরা আম্বিয়া ৩১) এই আয়াত বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। পাহাড় শুধু সৌন্দর্য নয়, এটি ভূমিকম্প নিয়ন্ত্রণ ও পানির উৎস সংরক্ষণের মাধ্যম।

নদী, সাগর ও পানির চক্র : পৃথিবীর বৈচিত্র্যের অন্যতম বড় উপাদান পানি। কোরআন মাজিদে মহান আল্লাহ বলেন, ‘আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি।’ (সুরা আম্বিয়া ৩০)

মহাসাগরের গভীরতা, নদীর প্রবাহ, ঝর্ণার কলতান এসব শুধুই নান্দনিক সৌন্দর্যের নয়, বরং জীবনধারণের জন্য অপরিহার্য উপাদান। সাগরের লবণাক্ততা ও নদীর মিঠা পানির পার্থক্যও কোরআনে উল্লেখ আছে, ‘তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, এরা মিলিত হয়। কিন্তু তাদের মাঝে রয়েছে এক প্রতিবন্ধক, তারা অতিক্রম করে না।’ (সুরা আর-রহমান ১৯-২০)

আজকের বিজ্ঞান বলে, লবণাক্ত ও মিঠা পানির মাঝে এক প্রাকৃতিক প্রতিবন্ধক থাকে, যাকে হ্যালোক্লাইন বলা হয়। কোরআন এ সত্য ১৪০০ বছর আগে তুলে ধরেছে।

মাটি ও উদ্ভিদের বৈচিত্র্য : মানব জীবনের প্রধান খাদ্য আসে মাটি থেকে। কোরআন বলে, ‘তুমি কি দেখো না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তার দ্বারা নানাবর্ণের ফল-ফলাদি উৎপন্ন করি।’ (সুরা ফাতির ২৭)

একই মাটি থেকে বিভিন্ন স্বাদ ও রঙের ফসল জন্মায়। আপেল, আম, খেজুর কিংবা আঙুর, সবই আলাদা বৈশিষ্ট্যে ভরপুর। মহান আল্লাহ বলেন, ‘পৃথিবীতে রয়েছে সংলগ্ন ভূমিখণ্ড, আঙুরের বাগান, শস্যক্ষেত্র ও খেজুরগাছ, যাদের কিছু এক গোড়া থেকে উৎপন্ন এবং কিছু পৃথক গোড়া থেকে। এগুলোকে একই পানি দ্বারা সিঞ্চন করা হয়, তবুও আমি কিছু ফলকে অপর ফলের ওপর স্বাদে শ্রেষ্ঠত্ব দান করি।’ (সুরা রাদ ৪) এই বৈচিত্র্য মানুষকে মনে করিয়ে দেয়, স্রষ্টা এক হলেও তার সৃষ্টির রূপ অসংখ্য।

প্রাণীর বৈচিত্র্য : কোরআনে প্রাণিজগৎ নিয়েও বহুবার আলোচনা এসেছে। মহান আল্লাহ বলেন, ‘তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য নানান প্রাণী ছড়িয়ে দিয়েছেন। তিনি চাইলে তাদের সবাইকে একত্র করতে সক্ষম।’ (সুরা শুরা ২৯) সাগরের মাছ, মরুভূমির উট কিংবা আকাশে ওড়া পাখি, প্রত্যেকটিই আল্লাহর সৃজনশীলতার পরিচায়ক।

রঙের বৈচিত্র্য : পৃথিবীর দৃশ্যপটে রঙের বৈচিত্র্য অপরিসীম। আকাশের নীলাভ, সাগরের গাঢ় নীল, মরুভূমির হলুদ, বনভূমির সবুজ, সবকিছুই এক অপূর্ব শিল্পকর্ম। কোরআনে বলা হয়েছে, ‘তারই নিদর্শনসমূহের মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য।’ (সুরা রুম ২২) এই আয়াত কেবল মানুষের রঙ বা ভাষার ভিন্নতার কথা নয়, বরং সমগ্র সৃষ্টির বহুরূপ বৈচিত্র্যকেও তুলে ধরে।

পরিবেশ সংরক্ষণে ইসলাম : ইসলাম কেবল বৈচিত্র্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেনি, বরং তা সংরক্ষণের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি কেয়ামত এসে পড়ে এবং তোমাদের কারো হাতে একটি চারা থাকে, আর যদি সে তা রোপণ করতে সক্ষম হয়, তবে অবশ্যই রোপণ করবে।’ (মুসনাদে আহমদ ১২৪৯১)

এটি এক গভীর শিক্ষা। মানুষ কেবল নিজস্ব স্বার্থে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্যও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল। বৃক্ষনিধন, অযথা প্রাণী হত্যা, জল-স্থল দূষণ, এসবকে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। কোরআনে এসেছে, ‘মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দিয়েছে।’ (সুরা রুম ৪১) আজকের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের পেছনে মানুষের অতিভোগ ও অযতœই বড় কারণ। ইসলামের শিক্ষা হলো, আল্লাহর দেওয়া বৈচিত্র্যকে অপব্যবহার নয়, বরং সঠিকভাবে কাজে লাগানো কাম্য।

বৈচিত্র্যে ঐক্যের শিক্ষা : মানুষ প্রায়ই ভিন্নতাকে বিভেদ মনে করে। অথচ ইসলাম শেখায়, বৈচিত্র্য বিভেদ নয়, বরং ঐক্যের নিদর্শন। মজান আল্লাহ বলেন, ‘হে মানুষ, আমি তোমাদেরকে পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো।’ (সুরা হুজুরাত ১৩) পৃথিবীর ভৌগোলিক বৈচিত্র্য যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি মানুষের ভাষা, সংস্কৃতি ও জাতিগত ভিন্নতা মানবসমাজকে সমৃদ্ধ করে।

চিন্তার আহ্বান : প্রকৃতির প্রতিটি উপাদান একেকটি নিদর্শন। একেকটি ভূদৃশ্য যেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা। মানুষ যদি এই বৈচিত্র্যের ভেতর দিয়ে আল্লাহর মহিমা উপলব্ধি করতে পারে, তবে তার হৃদয়ে বিনম্রতা ও কৃতজ্ঞতা জাগ্রত হবে।

ইসলাম এই বৈচিত্র্যকে কেবল দেখার জন্য নয়, বরং তা নিয়ে চিন্তা, কৃতজ্ঞতা প্রকাশ ও সংরক্ষণের শিক্ষা দেয়। মানুষ যদি বৈচিত্র্যের রহস্য অনুধাবন করে, তবে সে স্রষ্টার মহিমা উপলব্ধি করতে সক্ষম হবে এবং নিজের দায়িত্বও বুঝতে পারবে।