নেপালে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধস ভয়াবহ রূপ নিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপাল পুলিশ সদর দপ্তর। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুলিশ সদর দপ্তর জানায়, শুক্রবার (৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোশি প্রদেশ। সেখানে প্রাণহানি ঘটেছে ৩৬ জনের। মধেশ প্রদেশে আরও তিনজন মারা গেছেন। পাশাপাশি দেশজুড়ে ১১ জন এখনো নিখোঁজ, আর অন্তত ১৩ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
মৃতদের মধ্যে শুধু ইলাম জেলাতেই ভূমিধসের ঘটনায় ২৭ জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছেন পাঁচজন। উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। খোটাংয়ে বজ্রপাতের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ভোজপুর জেলায়ও বজ্রপাতে আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া পঞ্চথর জেলায় একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং সমসংখ্যক আহত হয়েছেন। মধেশ প্রদেশের রানিরহাট এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বরায় একজন, রাসুয়ায় চারজন এবং রাজধানী কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মাকোয়ানপুরে বজ্রপাতে আহত হয়েছেন আরও একজন।
পুলিশ বলছে, টানা বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।