আর্থসামাজিক সমস্যার সমাধানে ইসলামের ভূমিকা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ এএম

আর্থসামাজিক সমস্যার সমাধানে ইসলাম রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। ইসলাম জাহেলি যুগের সেই জুলুম-অত্যাচারের অর্থব্যবস্থা ভেঙে দিয়ে শান্তির অর্থব্যবস্থা প্রবর্তন করেছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো জাকাত ব্যবস্থার প্রবর্তন, সুদ নিষিদ্ধকরণ, দানের প্রতি উদ্বুদ্ধকরণ, অপচয় ও কৃপণতা নিষিদ্ধকরণ

ইসলাম আল্লাহ প্রদত্ত শান্তিময় এক জীবন বিধান। ইসলামের আগমনের আগে মানুষ জাহেলি যুগের অন্ধকারে নিমজ্জিত ছিল। তখন খুন, রাহাজানি, দাঙ্গাহাঙ্গামা ছিল প্রতিদিনের ঘটনা। সেই দুর্যোগময় অবস্থা থেকে মানুষকে মুক্তি দিয়েছে ইসলাম। উপহার দিয়েছে শান্তিময় এক সোনালি সমাজ। ইসলাম শুধু ব্যক্তিজীবন নয়, বরং পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়সহ সব ক্ষেত্রে সমাধান দিয়েছে। আর্থসামাজিক সমস্যার সমাধানে ইসলাম রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। ইসলাম জাহেলি যুগের সেই জুলুম-অত্যাচারের অর্থব্যবস্থা ভেঙে দিয়ে শান্তির অর্থব্যবস্থা প্রবর্তন করেছে। এক্ষেত্রে ইসলামের প্রবর্তিত বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম কয়েকটি উল্লেখ করা হলো।

জাকাত ব্যবস্থা : সমাজের ধনী ব্যক্তিদের থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে গরিবদের দান করা। যাতে করে তারাও স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবেন।’ (সুরা তওবা ১০৩)

সুদ নিষিদ্ধকরণ : জাহেলি যুগের সুদব্যবস্থা সমাজের গরিব শ্রেণির লোকদেরকে শোষণ করে যাচ্ছিল। নির্দিষ্ট সময়ে তাদের ওপর আবর্তিত সেই সুদের অর্থ না দেওয়ার কারণে তাদেরকে অমানসিক নির্যাতন করা হতো। ইসলাম এসে সেই সুদী ব্যবস্থা বিলোপ করে দেয়। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি করেন।’ (সুরা বাকারা ২৭৬)

হালাল উপার্জন : হালাল উপার্জন অর্থনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতা আনে। এজন্য ইসলাম হালাল উপার্জনের নির্দেশনা প্রদান করেছে। কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মানুষ! পৃথিবীতে যা হালাল ও পবিত্র, তা থেকে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।’ (সুরা বাকারা ১৬৮)

অপচয় ও কৃপণতা নিষিদ্ধকরণ : অপচয় যেভাবে সম্পদের হ্রাস বাড়ায় তেমনিভাবে কৃপণতার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়। এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ‘তোমরা অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আনআম ১৪১)

দান করার প্রতি উদ্বুদ্ধকরণ : সমাজের অর্থনৈতিক ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার জন্য ইসলাম দান করার প্রতি উদ্বুদ্ধ করেছে। কোরআনে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর পথে তার ধন-সম্পদ ব্যয় করে, তার উদাহরণ এক বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে একশ করে দানা থাকে।’ (সুরা বাকারা ২৬১)

এ ছাড়াও ইসলাম আরও অনেক ব্যবস্থার প্রচলন করেছে। ইসলাম গতানুগতিক ধারার পরিবর্তন করে একটি কল্যাণমূলক আর্থ সামাজিক রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করেছে।

লেখক : আলেম ও প্রবন্ধকার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত