বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে তিব্বতের পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে প্রায় ১ হাজার মানুষ আটকা পড়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, আটকেপড়া পর্যটকদের মধ্যে ৩৫০ জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় আটকে পড়েছেন পর্যটকরা। ওই এলাকার প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকেপড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন। তাদের সহায়তা করছেন শত শত স্থানীয় বাসিন্দা।
তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ওই ঢাল পর্বতারোহীদের কাছে বেশ জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয়। স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন প্রতিষ্ঠান গত শনিবার রাত থেকে এভারেস্টে ভ্রমণের টিকিট বিক্রি এবং দর্শনীয় এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে। পর্বতারোহীদের গাইড চেন গেশুয়াং রয়টার্সকে বলেন, তীব্র শীতের কারণে হাইপোথারমিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।