মেসিদের মাঠে খেলার অনুমতি পেল বার্সেলোনা

সেই কৈশোর থেকে ক্যারিয়ারের সিংহভাগ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি। এবার তার ক্লাব ইন্টার মায়ামির মাঠেই খেলতে যাচ্ছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি স্পেনের বাইরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এটি ইতিহাসে প্রথম কোনো লা লিগা ম্যাচ, যা স্পেনের বাইরে অনুষ্ঠিত হবে।

উয়েফার নির্বাহী কমিটি গত মাসে আলবেনিয়ার তিরানায় বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করে। পরবর্তী পর্যায়ে তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ), ইতালিয়ান ফেডারেশন (এফাইজিসি), এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে পরামর্শ করে। ব্যাপক আপত্তি, বিশেষত সমর্থক ও অন্যান্য ইউরোপীয় লিগের অনীহা থাকা সত্ত্বেও ম্যাচটি আয়োজনে উয়েফা বিশেষ অনুমোদন দিয়েছে।

সংস্থাটি জানায়, ফিফার বর্তমান নীতিমালায় বিদেশে ঘরোয়া ম্যাচ আয়োজন নিয়ে স্পষ্টতা না থাকায় আপাতত ব্যতিক্রম হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন বলেন, ‘লিগ ম্যাচগুলো নিজস্ব মাঠে হওয়াই উচিত। অন্য কোথাও আয়োজন করা হলে তা বিশ্বস্ত সমর্থকদের বঞ্চিত করে এবং প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করতে পারে।’

ফিফা ইতিমধ্যেই এই ম্যাচের আয়োজনের জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে। এজন্য ২০২৪ সালে ফিফা কাউন্সিলের বৈঠকে এমন ম্যাচ বিদেশে আয়োজনের সুযোগ রেখে নীতিমালা সংশোধন করা হয়। তবে সেফরিন বলেছেন, ‘আমরা স্বীকার করছি এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যতিক্রমী এবং ভবিষ্যতের জন্য এটি কোনো দৃষ্টান্ত নয়। জাতীয় লিগগুলোর অখণ্ডতা রক্ষা এবং ফুটবলকে স্থানীয় শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

সব পক্ষ মেনে নেওয়ায় কোনো আইনি জটিলতা ছাড়াই বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যদিও দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি। এই সিদ্ধান্তে ইউরোপের ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন, ঘরোয়া লিগের ম্যাচ বিদেশে নেওয়া সমর্থকদের প্রতি অবিচার এবং স্থানীয় আবহ নষ্ট করবে। তবে লা লিগা কর্তৃপক্ষ বলছে, এটি স্প্যানিশ ফুটবলের বিশ্বায়নের অংশ, যা ‘নতুন বাজার, নতুন দর্শক ও নতুন রাজস্বের পথ খুলে দেবে।’