ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে দলে এসেছে বড় পরিবর্তন। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন, আর প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন কুইন্সল্যান্ডের ব্যাটার ম্যাট রেনশ।
লাবুশেনের বাদ পড়া খুব একটা অপ্রত্যাশিত নয়। গত ১০ ওয়ানডে ইনিংসে তার সর্বোচ্চ স্কোর মাত্র ৪৭। তাকে বাদ দেওয়ায় তিনি এখন শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলে টেস্ট দলে ফেরার লড়াইয়ে মনোযোগ দিতে পারবেন।
অন্যদিকে, ২৯ বছর বয়সী রেনশো সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছেন, আর গত কয়েক মৌসুমে ৫০-ওভারের ক্রিকেটে তার গড় প্রায় ৪৯। ২০২১ সালের পর থেকে সাত সেঞ্চুরির ছয়টিই এসেছে এই সময়ের মধ্যে।
এছাড়া প্রায় এক বছর পর মিচেল স্টার্ক ফিরেছেন ওয়ানডে দলে। তিনি শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে। উইকেটরক্ষক অ্যালেক্স কেরি প্রথম ম্যাচ মিস করবেন, তবে থাকবেন বাকি দুই ম্যাচে। অন্য উইকেটরক্ষক জশ ইংলিস ইনজুরি কাটিয়ে ফিরেছেন, থাকবেন দুই ফরম্যাটেই।
গ্লেন ম্যাক্সওয়েল এখনো কব্জির ইনজুরিতে ভুগছেন। যে কারণে টি-টোয়েন্টি দলে তার ফেরা হয়নি। অন্যদিকে, ক্যামেরন গ্রিন থাকছেন শুধু ওয়ানডে সিরিজে; তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে টেস্ট মৌসুমের প্রস্তুতি নেবেন।
অস্ট্রেলিয়া নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘আমরা ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছি। সিরিজের শেষদিকে কিছু সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হবে, যাতে তারা শেফিল্ড শিল্ড ও টেস্ট মৌসুমের জন্য প্রস্তুতি নিতে পারে।’
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নেওয়া কুপার কনোলি। এছাড়া তরুণ অলরাউন্ডার মিচেল ওয়েনও সুযোগ পাচ্ছেন ওয়ানডে অভিষেকের। টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাথান এলিস, যিনি সন্তান জন্মের সময় নিউজিল্যান্ড সফর মিস করেছিলেন। তবে শন অ্যাবট এবার ওয়ানডে দলে নেই, যদিও তিনি টি-টোয়েন্টি স্কোয়াডে থাকছেন।
পার্থে ১৯ অক্টোবর শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে- ২৩ অক্টোবর অ্যাডিলেড ও ২৫ অক্টোবর সিডনিতে। ওয়ানডে সিরিজ শেষে প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর ক্যানবেরা ও ৩১ অক্টোবর মেলবোর্নে। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে বাকি তিনটি ম্যাচ।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল ওয়েন, ম্যাট রেনশো, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি দল (প্রথম দুই ম্যাচ): মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), ম্যাথিউ কুহনেমান, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
বান্ধবীর সাথে ছুটি কাটাতে গিয়ে খোলামেলা ছবি; বিতর্কে ইকার্দি
ইয়ামালকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে স্পেন ও বার্সেলোনা?