আশুলিয়ায় দলিল লেখককে মারধর, থানায় মামলা

আশুলিয়ায় দলিল লেখকদের কর্ম বিরতি ভঙ্গ করে গ্রাহককে দলিল লিখে দেওয়ায় মো. শাহাদাৎ হোসেন (৪৮) নামের এক দলিল লেখককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে রবিবার দুপুরে আশুলিয়ার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে হামলার ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- সাভারের বনপুকুর এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. আলমগীর হোসেন (৪৮) ও তার ছোট ভাই মো. মনসুর (৩৫), আশুলিয়ার নয়ারহাট ঘুঘুধিয়া এলাকার মো. মোতালেব হোসেন (৪৫), আশুলিয়ার চানগাঁও এলাকার অনিক হাসান দিলবর (৩৫) এবং আশুলিয়ার ইয়ারপুর এলাকার মো. ফজলুল হক (৫৮)। তারা সবাই আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক।

ভুক্তভোগী মো. শাহাদাৎ হোসেন আশুলিয়ার মধ্যগাজীরচট ইউনিক এলাকার হাজী মো. তৈয়ব আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রায় ৪ মাস ধরে প্রকাশ্যে দলিল লেখার কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে তারা গোপনে ভিন্ন মোসাবিধা দিয়ে দলিল সম্পাদন করেন। দীর্ঘদিন ধরেই তারা ভুক্তভোগীসহ আরও অনেক দলিল লেখকদের দলিল লেখা হতে বিরত রাখার জন্য চাপ সৃষ্টিসহ মারধর করার হুমকি প্রদান করে আসছে। ৫ অক্টোবর দুপুর ১২টার দিকে ভুক্তভোগী একটি দলিল সম্পাদন করার অপেক্ষায় তার দলিল লেখার ঘরের সামনে অবস্থানকালে অভিযুক্তসহ তাদের অজ্ঞাত নামা আরও ৪/৫ জন সহযোগী লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা করে এবং এলোপাতাড়িভাবে মারধর করে তার হাত-পা, পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর পরিহিত পায়জামার পকেটে থাকা নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পুনরায় আশুলিয়া রেজিস্ট্রি অফিসে দলিল লিখার জন্য গেলে তার হাত, পা ভেঙ্গে দুনিয়া থেকে সরিয়ে দিবে বলে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী মো. শাহাদাৎ হোসেন বলেন, আমি গ্রাহকের দলিল লিখে তাদের জন্য অপেক্ষা করতে ছিলাম। এ সময় তারা এসে আমার ওপর হামলা চালায়। আমি এই সন্ত্রাসী হামলার প্রধান আলমগীরকে গ্রেফতার এবং সুষ্ঠ বিচার চাই।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এক দলিল লেখককে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।