বগুড়ার শেরপুরে দলিল লেখার নামে অবৈধ লেনদেন ও সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না বলে সতর্ক করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। একই সঙ্গে দলিল লেখক সমিতির পেশাগত শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শেরপুর সাবরেজিস্ট্রি অফিসের হলরুমে উপজেলা দলিল লেখক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান মতির সভাপতিত্বে এবং মো. আশিকুর রহমান আসিফের সঞ্চালনায় সভায় গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গত ১৭ বছরে সমিতিতে কোনো নির্বাচন হয়নি। পেশাজীবীদের স্বার্থ রক্ষায় দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। ভোটাররা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি সমিতির নেতৃত্বে পেশাদার দলিল লেখকদের রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় স্থানীয় দলিল লেখকেরা তাঁদের পেশাগত সংকট, বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিষয়গুলো তুলে ধরেন। দলিল লেখক আব্দুর রাজ্জাক তালুকদার জানান, শেরপুরে প্রায় ১৯০ জন দলিল লেখক থাকলেও আড়াই বছর ধরে সমিতি না থাকায় তাদের অধিকাংশই আর্থিক সংকটে রয়েছেন।
দলিল লেখক আলমগীর হোসেন বলেন, গ্রাম ও শহরের দলিল লেখকদের মধ্যে সমন্বয় না থাকায় কাজ পাওয়ার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে। কেউ মাসে ২০টি দলিল লেখার কাজ পেলেও অনেকে কোনো কাজই পাচ্ছেন না। অন্যদিকে নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে দলিল লেখকদের পারিশ্রমিকের সর্বনিম্ন হার নির্ধারণের দাবি জানান আসিফ।
সভায় ফেরদৌস রহমান অভিযোগ করেন, সমিতি না থাকার সুযোগে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ সমস্যা সমাধানে দলিল লেখার নির্ধারিত মূল্যতালিকা প্রণয়নের দাবি জানান সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আলম।
তবে দলিল লেখক কায়কোবাদ দাবি করেন, শেরপুরে প্রতি লাখ টাকার দলিল লেখার জন্য আট হাজার টাকা নেওয়া হয়, যা অন্যান্য এলাকার তুলনায় কম।