নদীতে চাঁদাবাজদের হামলায় তিন পুলিশসহ আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে চাঁদাবাজদের হামলায় তিন পুলিশ সদস্য ও বাল্কহেডের দুই শ্রমিক আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা নদীর বারদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি দল বালু ও পণ্যবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। পাশাপাশি সোনারগাঁয়ের একটি চক্রও মেঘনার এই এলাকায় বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজিতে সক্রিয় রয়েছে।

মঙ্গলবার সকালে বিভিন্ন নৌযান মেঘনা নদীর নুনেরটেক এলাকা দিয়ে যাওয়ার সময় বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ তাদের লোকজন টেটা, বল্লম, রামদা নিয়ে নৌযানে চাঁদা দাবি করে। এ সময় দাবি করা চাঁদা না দেওয়ায় এসবি জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা।

খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চাঁদাবাজরা পুলিশের ওপর টেঁটা, বল্লম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুরকে আহত করে। পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বারেকের ছেলে রানা ও সাজ্জাদকে গ্রেপ্তার করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতের মধ্যে পুলিশ কনস্টেবল সোহাগ ও বাল্কহেড শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসবি জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের সুকানী মো. শফিকুল ইসলাম বলেন, ‘আড়াইহাজারের মরিচাকান্দি এলাকা থেকে বাল্কহেডে বালু নিয়ে আমরা ঢাকা যাচ্ছিলাম। নুনেরটেকে চাঁদাবাজরা আমাদের আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ পথে প্রতিদিন চাঁদাবাজরা চাঁদাবাজি করে। প্রতিদিন তারা চাঁদা না দিলে নদীতে বিভিন্ন নৌযানের শ্রমিকদের মারধর করে।’

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার সকালে চাঁদাবাজরা বাল্কহেডের শ্রমিকদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ গেলে চাঁদাবাজরা পুলিশের ওপর হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।