কুমিল্লার চান্দিনা উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বোরহান উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে উপজেলার রসুলপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে আলী আকবরকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে বিকেলে তার ওপর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রসুলপুর গ্রামের আবুল কালাম এবং তার ছেলে বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। প্রায় দুই বছর আগে আলী আকবর তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। পরে বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা ফেরত চান। টাকা পরিশোধে দেরি হওয়ায় গত সোমবার সকালে তিনি আলী আকবরকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন এবং নির্যাতন করেন।
স্থানীয় লোকজন জানান, নির্যাতনের ফলে আলী আকবর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে আলী আকবরের ছেলে ইব্রাহীম খলিল বলেন, ‘আমার বাবা টাকা পরিশোধের জন্য কিছুদিন সময় চেয়েছিলেন। কিন্তু বোরহান সময় না দিয়ে তাকে অমানবিকভাবে নির্যাতন করেছে। এখন আমরা বিচার কার কাছে চাইব?’
চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বোরহান একাই ওই বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। রাতেই বোরহানকে আটক করা হয়েছে।