বর্তমান রিজার্ভ ৫ মাসের আমদানি ব্যয়ের সমান

দেশে এখন পাঁচ মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বরাত দিয়ে প্রেস সচিব এই তথ্য জানান। এ ছাড়া স্টার্টআপের জন্য ব্যাংকগুলো থেকে ৯০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তৈরি করছে জানিয়ে তিনি উল্লেখ করেন, এই তহবিলে বাংলাদেশ ব্যাংক থেকে আরও ৬০০ কোটি দেবে। পাশাপাশি দেশের ৯টি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বা লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গভর্নরের বরাত দিয়ে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আরও জানান, মূল্যস্ফীতি ১২ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। গত দু-এক মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসার কথা থাকলেও চালের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় তা হয়নি। বর্তমানে চালের দাম কমতে শুরু করেছে, আগামী দিনগুলোয় মুদ্রাস্ফীতি আরও হ্রাস পাবে।

শফিকুল আলম বলেন, ‘আজ (গতকাল) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন বিষয়ে কথা বলেন।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাত দিয়ে প্রেস সচিব জানান, বর্তমানে খেলাপি ঋণ (এনপিএল) এনপিএলের মাত্রা ২৪ শতাংশ। শেখ হাসিনার আমলে ব্যাংকগুলোয় বৃহৎ পরিসরে চুরির কারণে মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ কারণে দেশের ব্যাংকিং সেক্টরে রুগ্ণ দশা থেকে মুক্ত হয়নি। প্রেস সচিব জানান, দেশের ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।