খুলনায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত লোকালয়

খুলনার উপকূলীয় উপজেলা দাকোপের বটবুনিয়া এলাকায় জোয়ারের পানির তোড়ে পানি উন্নয়ন বোর্ডের ২৫ মিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীতে বিলীন হয়ে গেছে। এতে প্লাবিত হয়েছে বটবুনিয়া, কামিনীবাসিনীসহ আশপাশের চার গ্রাম। লোনা পানিতে ভেসে গেছে সংশ্লিষ্ট এলাকার পুকুর ও ঘেরের মাছ। তলিয়ে রয়েছে হাজার হাজার হেক্টর রোপা আমন ধানের ক্ষেত। পানিবন্দি হয়ে পড়েছে কমপক্ষে এক হাজার পরিবার।

তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজি ও এলাকাবাসী জানান, ঢাকি নদীতে গত মঙ্গলবার রাতে জোয়ারের সময় পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। এ সময় অতিরিক্ত পানির তেড়ে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে পাউবোর ২৫ মিটার ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীতে বিলীন হয়। গতকাল বুধবার সকালে ভাটায় পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী জিও টিউবে বালি ভরে বাঁধ মেরামতের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হওয়ায় দুপুরে ফের জোয়ারে পানি প্রবেশ করে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, জিও টিউব দিয়ে স্থানটি আগে মেরামত করা ছিল। তবে মঙ্গলবার রাতে জোয়ারের পানির চাপে জিও টিউব ফেটে বালু বেড় আবারও ভেঙে যায়। এতে কয়েকটি গ্রামে লোনা পানি প্রবেশ করেছে। বুধবার সকালে ভাঙন কবলিত স্থান মেরামত করে পানি আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই জোয়ার আসে। এ কারণে বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। তবে আশা করা যাচ্ছে, জোয়ার আসার পূর্বে বাঁধ মেরামত করা সম্ভব হবে।