যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসময় ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (০৮ অক্টোবর) রাতে বেনাপোলের আমড়াখালি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে প্রকাশ সিকদার (৩৫) ও যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের আব্দুল শহীদ (৪২)। জব্দ করা পণ্যের দাম ৬ লাখ ৬০ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বুধবার রাতে গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট ও ভারতের হুগলির খানাকুল থানার পাঁচপীরতলা সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, গোলমরিচ, কালোজিরা, ওষুধ ও শাড়িসহ ভারতীয় নাগরিক প্রকাশ সিকদারকে ও ভারতীয় ফেনসিডিলসহ আব্দুস শহীদকে আটক করে।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। চোরাকারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।