মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে উপজেলার বাঘুটিয়া, বাচামারা ও চরকাটারী এলাকার যমুনা নদীতে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, মৎস্য দপ্তরের উপসহকারী কর্মকর্তা জিয়াউর রহমান জিয়াসহ দপ্তরের অন্যান্য সদস্য।
অভিযানকালে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, ‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন।’ দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ গত ৮ অক্টোবর শুরু হয়েছে, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।