জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে রাজনৈতিক দল ও জাতীয় ঐকমত্য কমিশনের ভেতরকার মতভিন্নতা আর আমলে নেওয়া যাচ্ছে না। কমিশনের একাধিক সদস্য দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়ে বলেন, গণভোটের দিনক্ষণ ও নোট অব ডিসেন্টে ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা থাকলেও ১৫ অক্টোবর জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।
গতকাল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ৫টি বৈঠকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া অভিমতগুলো বিশ্লেষণ করে শিগগিরই বাস্তবায়নের উপায়সংক্রান্ত সুপারিশ ও চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।
বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া ঐকমত্য গঠনপ্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।