চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে মহানগর পুলিশের বিশেষায়িত সোয়াত টিম। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নগর পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১০ অক্টোবর ভোর ৪টা পর্যন্ত নগরের একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে সোয়াত টিম। গ্রেপ্তাররা হলেন মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদ (২৩)।
পুলিশ জানায়, বহদ্দারহাট কাঁচাবাজারের পেছনের মাছবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলায়, শুলকবহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের সমিল গলি ইউনুস কোম্পানির ভবনের দ্বিতীয় তলায়, একই এলাকার জান মোহাম্মদ চাকলাদার জামে মসজিদের সামনে পুকুরপাড়ে এবং কালামিয়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিদেশি পিস্তল ৫টি, একনলা ছোট বন্দুক ১টি, একনলা লম্বা বন্দুক ২টি, দেশীয় শর্টগান সদৃশ পাইপগান ২টি, দেশীয় শুটার গান ১টি, দেশীয় একনলা লম্বা বন্দুক ২টি, বন্দুকের কার্তুজ ৫৮টি, পিস্তলের বুলেট ৯৫টি, পটকা ৯টি, পিস্তলের ম্যাগাজিন ১৩টি, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, টাকা গণনার মেশিন ১টি, ইয়াবা ৩ হাজার ৫০০টি, গাঁজা ১ হাজার ১০০ পুরিয়া (৫.৫ কেজি), ওয়াকিটকি ২টি, ড্রোন ১টি, সিসি ক্যামেরা ৭টি, ডিভিআর ২টি, মোটরসাইকেল ১টি সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. আজাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র ও দস্যুতা সংক্রান্ত দুটি মামলা রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।