কালভার্ট বন্ধ করে দেওয়ায় পানিবন্দি অর্ধশত পরিবার

নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন গ্রামে কালভার্ট বন্ধ করে দেওয়ায় অর্ধশত পরিবার প্রায় পাঁচ মাস ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ প্রায় সব জায়গাতেই হাঁটু পানি জমে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, পানি নিষ্কাশনের যে কালভার্ট ছিল, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গ্রামের নারী-শিশু ও বৃদ্ধরা কয়েক মাস ধরে মানবেতর জীবনযাপন করছে। শিশুরা স্কুলে যেতে পারছে না। মানুষ আক্রান্ত হচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগে।

উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু বলেন, ‘চকাদিন গ্রামের ওই পাড়ায় শতাধিক পরিবারের বসবাস। তাদের প্রত্যেকেই জলাবদ্ধতার শিকার।’ তিনি আরও বলেন, ‘ওই এলাকায় গ্রামীণ সড়কের কিছু কাজ করা হয়েছে। কালভার্ট কিংবা অন্যান্য অবকাঠামো নির্মাণ করতে গেলে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে না ওখানকার মানুষরা। এমনকি অনেকে জায়গা-জমি দিতেও চায় না। তারপরও আমি পানি নিষ্কাশনের জন্য কালভার্ট তৈরির পদক্ষেপ নেব।’

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘কাশিমপুর ইউনিয়নের চাকাদিন গ্রামের জলাবদ্ধতার খবর আমি জেনেছি। ওই এলাকার মানুষগুলো চরম দুর্ভোগে আছে। বৃষ্টি নামলে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। খুব শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে পানি নিষ্কাশনের জন্য স্থায়ী কী সমাধান করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’