ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে এক ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আশুধগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, দুপক্ষের সংঘর্ষে আট-১০ জন আহত হয়েছেন। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের নাম জানি না।