তারাব পৌরসভায় এডিবির নগর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভায় আরবান প্রাইমারি হেলথ প্রকল্প পরিদর্শনে এডিবির (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) প্রতিনিধি দল। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের আওতায় থাকা দুটি নগর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন তারা। পরে দুপুর ১২টার দিকে উপজেলার খাদুন এলাকায় তারাব পৌরসভা মিলনায়তনে পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন তারাব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এডিবির প্রতিনিধি দলকে জামদানি শাড়ি উপহার দেওয়া হয়। 

স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী বলেন, তারাব পৌরসভায় অসংখ্য শিল্প-কারখানা গড়ে উঠেছে। এসব শিল্প-কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এডিবির অর্থায়নে করা আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে নামমাত্র মূল্যে সেবা পাচ্ছে।