ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। ইস্তাম্বুল সময় গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা রওনা হয়েছেন। আজ শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ ও গাজায় ইসরায়েলি নৌ-অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে যোগ দিয়ে গাজা অভিমুখে নৌযাত্রায় অংশ নেন শহিদুল আলম। সাংবাদিক ও চিকিৎসকদের বহনকারী কনশায়েন্স নামক জাহাজে গাজার কাছাকাছি পৌঁছালে ইসরায়েলের সেনাদের একটি দল গত বুধবার তাকেসহ জাহাজে থাকা অন্য অধিকারকর্মীদের আটক করে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
নানামুখী কূটনৈতিক তৎপরতার মুখে ইসরায়েল সরকার শহিদুল আলমকে মুক্তি দেয়। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি গতকাল দুপুরে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বাংলাদেশ কনসাল জেনারেল গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘শহিদুল আলম ঢাকাগামী একটি ফ্লাইটে উঠেছেন। সেটি ইস্তাম্বুল সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। আগামীকাল (আজ শনিবার) স্থানীয় সময় ভোর ৪টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।’
শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সাহায্য করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় গতকাল এ কথা জানায়।