আর্জেন্টিনার জার্সিতে আরেকটি ইতিহাস গড়ার পথে মার্তিনেজ

মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট সামলেছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। বিশ্বকাপজয়ী এই তারকা গোলকিপার ম্যাচে কোনো গোল হজম করেননি। ম্যাচটি আর্জেন্টিনা জিতে নিয়েছে ১-০ গোলে। এর মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বেশি ক্লিন শিটধারী (গোল না খাওয়া) গোলরক্ষকের রেকর্ডের আরও কাছে চলে গেলেন মার্তিনেজ।

৩৩ বছর বয়সী মার্তিনেজকে অবশ্য ভেনেজুয়েলা তেমন পরীক্ষায় ফেলতে পরেনি। একবার মাত্র প্রতিপক্ষের শট ক্রসবারে লেগে ফিরেছে। এটি ছিল জাতীয় দলের হয়ে মার্তিনেজের ৫৬তম ম্যাচ, যার মধ্যে জিতেছেন ৪১টি, ড্র  হয়েছে ১০টি এবং হারের সংখ্যা মাত্র ৫। এই সময়ের মধ্যে তিনি ৩৯টি ক্লিন শিট রেখেছেন, যা তাকে ইতিহাসের অন্যতম সফল আর্জেন্টাইন গোলরক্ষকে পরিণত করেছে।

বর্তমানে ক্লিন শিটের দিক দিয়ে মার্তিনেজের ওপরে আছেন শুধু সের্জিও ‘চিকিটো’ রোমেরো। তিনি আর্জেন্টিনার হয়ে রেকর্ড ৪৭ ম্যাচে ক্লিন শিট রেখেছিলেন। এছাড়া মার্তিনেজ এখন জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা গোলরক্ষক। এখানেও ৯৬ ম্যাচ খেলা রোমেরো তার চেয়ে এগিয়ে। ইতিমধ্যে তিনি ৬০০ মিনিটেরও বেশি সময় কোনো গোল না খেয়ে কাটিয়েছেন, যা ১৯৯৮ সালে জার্মানির বুর্গোসের রেকর্ড (৬০৮ মিনিট) ভেঙে দিয়েছে।

মার্তিনেজ এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জিতেছেন— ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২২ সালের ফাইনালিসিমা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর বিশ্বকাপেও তিনি খেলবেন। আজকের ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘আমি সবসময় বলি, আমি পরিসংখ্যানের ভক্ত। আমার লক্ষ্য আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ক্লিন শিট করা গোলরক্ষক হওয়া।’