কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের পুনর্গঠনের স্থপতি। তার আদর্শকে বুকে ধারণ করে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের স্থানীয় কিন্ডারগার্টেনে জিয়া মঞ্চের আয়োজনে মতবিনিময়ে সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাখাওয়াত বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। তিনি আমাদের শিখিয়েছেন জনগণই রাষ্ট্রের মালিক, ক্ষমতার উৎস জনগণ। যা সংবিধানের অনুচ্ছেদ ৭(১)-এ স্পষ্টভাবে বলা আছে, জনগণই রাষ্ট্রের মালিক, ক্ষমতা জনগণের হাতেই থাকা উচিত। গত প্রায় ১৮ বছর গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মিথ্যা মামলা, গুম, খুন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বিএনপি তথা জিয়া মঞ্চের লক্ষ্য- নৈতিকতা, ত্যাগ ও দায়িত্ববোধ ফিরিয়ে আনা, রাজনীতিকে ব্যবসা নয়, দায়িত্বে রূপান্তর করা।
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের বৈদ্যের সভাপতিত্বে মতলব দক্ষিণ উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক হাজী আক্তার হোসেন, চাঁদপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. হুমায়ুন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ ও মো. ইকবাল খান, মতলব দক্ষিণ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ উল্ল্যাহ খান এবং যুগ্ম আহ্বায়ক মো. আরাফাত হোসেন।
এ সময় বক্তারা বলেন, জিয়া মঞ্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে কাজ করছে। তরুণদের নেতৃত্বে গড়ে উঠছে নতুন প্রজন্মের জিয়াপন্থী কর্মীবাহিনী, যারা গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।