ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মোস্তফা (৫০) নামে একজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা। শনিবার (১১ অক্টোবর) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়েছে শুক্রবার সকালে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তার মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, মোস্তফা গত ৭ অক্টোবর ডেঙ্গু চরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরেরদিন দুপুর ২টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালে দুই শিশুসহ ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৭ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১১ জন মৃত্যুবরণ করেছেন।