ফের বাজিমাত ইধিকার

শুরুটা বাংলাদেশি সিনেমা দিয়ে হলেও বর্তমানে ভারতীয় বাংলা চলচ্চিত্রেই নিয়মিত অভিনয় করছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। কলকাতায় এই অভিনেত্রীর কিছুদিন আগে মুক্তি পায় ‘খাদান’ নামের একটি সিনেমা। ইধিকা অভিনীত ‘খাদান’ মুক্তি পায়। এই সিনেমা দিয়েও কলকাতার সিনেমাপ্রেমী দর্শকের মন জয় করে নেন। এতে তার বিপরীতে ছিলেন দেব। পরে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাটি। এই সিনেমাটি ব্যবসা সফল হয়। বলা যায়, ইধিকা অভিনীত তিনটি সিনেমা ‘প্রিয়তমা’, ‘খাদান’ ও ‘বরবাদ’ বক্স অফিসে দারুণ ব্যবসা করে। হ্যাটট্রিক এই সাফল্যের কারণে ইধিকাকে লাকি নায়িকা হিসেবেই বিবেচনা করেন অনেকে। দুর্গা পূজা উপলক্ষে সদ্য মুক্তি পেয়েছে দেব-ইধিকা জুটির আরেক ছবি ‘রঘু ডাকাত’। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে ইধিকা অভিনয় করেছেন সৌদামিনী চরিত্রে।

জানা গেছে, পূজা উপলক্ষে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করছে ‘রঘু ডাকাত’। ইধিকার ভাষ্যমতে, এরই মধ্যে ‘রঘু ডাকাত’ কয়েক কোটি টাকা ব্যবসা করেছে। যে হিসেবে একটি সিনেমাকে ব্যবসা সফল সিনেমা হিসেবে আখ্যায়িত করা যায়। এখনো হলে হলে সিনেমাটি দর্শক প্রবল আগ্রহ নিয়ে দেখছে বলেও জানান ইধিকা। ইধিকা পাল বলেন, ‘সবসময়ের মতো এখনো আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শকের এই যে ভালোবাসা, এর সত্যিই কোনো তুলনা হয় না।

তিনি আরও বলেন, সেই প্রিয়তমা থেকে শুরু করে খাদান, বরবাদ-এ দর্শকের ভালোবাসা পেয়েছি দুই বাংলা থেকেই। রঘু ডাকাত যদিও কলকাতায় মুক্তিপ্রাপ্ত সিনেমা। তারপরও সিনেমাটি মুক্তির আগে ঝিলমিল-ঝিলমিল গানটি যখন প্রকাশ পায়, তখন দুই বাংলার দর্শকের কাছ থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। বারবার দর্শকই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাই কৃতজ্ঞতা সবসময়ই দর্শকের প্রতি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা আমার প্রতিটি সিনেমার প্রযোজক পরিচালকের প্রতি, সহশিল্পীদের প্রতি। বিশেষ করে ‘প্রিয়তমা’ টিমের কথা তো বলতেই হবে। প্রিয়তমার কারণেই আমি আজকের ইধিকা পাল।’