শুরুতেই স্বাগতিক জর্ডানের সামনে সুরভীরা

নারী এশিয়ান কাপের আরেকটি বয়সভিত্তিক আসরের মূলপর্বে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। সিনিয়র ও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর এবার বাংলাদেশের মেয়েদের সামনে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার হাতছানি। এই আসরের বাছাই অভিযান শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ আছে এইচ গ্রুপে। শুরুর দিনই স্বাগতিক জর্ডানের মোকাবেলা করবে সুরভী আখন্দ প্রীতিরা। 

এইচ গ্রুপে জর্ডান ও বাংলাদেশ ছাড়াও আছে চাইনিজ তাইপে। আট গ্রুপের সেরা আট দল আগামী বছর চিনে হতে যাওয়ায় মূল পর্বে সুযোগ পাবে। আয়োজক চিনসহ গত আসরের তিন সেরা দল- চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স-আপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া সরাসরি চলে গেছে আগামী বছর ৩০ এপ্রিল শুরু হতে যাওয়া মূল পর্বে।

নারী ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার বাংলাদেশের মেয়েদের সামনে আরেকটা বড় সুযোগ এই বাছাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এই বাছাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলের প্রস্তুতির ব্যবস্থা করেছে শীর্ষ মানের। জর্ডান যাওয়ার আগে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সিরিয়া ও আমিরাত দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল গত সপ্তাহে। সাইফুল বারী টিটুর শীষ্যরা দুটি ম্যাচেই জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে গিয়েছে জর্ডানে। 

বাংলাদেশ কোচ টিটো অবশ্য মূল পর্বের লক্ষ্য পূরণ সহজ নয় বলে দাবী করেছেন, 'আমি মনে করি গ্রুপটা বেশ কঠিন হয়েছে। এখান থেকে মূল পর্বে যাওয়া মোটেও সহজ নয়। তবে এই বাছাই আমাদের মেয়েদের জন্য নিজেদের প্রমাণের আরেকটি সুযোগ। ভবিষ্যতে এই মেয়েদেরই অনেকে সিনিয়র জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। সুতরাং এখানে ভালো করলে সেই সুযোগটা তাদের সামনে তৈরী হবে। আমরা ভালো প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। চেষ্টা থাকবে মূল পর্বে যাওয়ার।' 

এর আগে মিয়ানমার ও লাওসে অল্প সময়ের ব্যবধানে বাছাই উতরে বাংলাদেশ নাম লিখিয়েছিল মার্চে অস্ট্রেলিয়ায় সিনিয়র এশিয়ান কাপ ও এপ্রিলে থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে। জর্ডানকে মিয়ানমার ও লাওসের সূতোয় বাঁধতে নারী ফুটবলে হবে আরেক ইতিহাস।