তিন ভোটে দায়িত্ব পালনকারীরা এবার দায়িত্ব পাবেন না

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার আসন্ন সংসদ নির্বাচনে যথাসম্ভব দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘গত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে।

গতকাল রবিবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের (গতকাল) সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। তাছাড়া জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠপর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইনবহির্ভূত কাজ না করে সে বিষয়েও নির্দেশনা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনসংশ্লিষ্টদের জন্য পর্যাপ্তসংখ্যক বডিওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। ইতিমধ্যে প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনে নিিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেজন্য টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।