টাঙ্গাইলকে ঢাকা বিভাগে বহাল রাখার দাবিতে যমুনা সেতু অবরোধ

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে এবং ঢাকা বিভাগ বহাল রাখার দাবিতে যমুনা সেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যমুনা সেতুর পুর্ব প্রান্তের গোল চত্ত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা।

জানা গেছে, রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করা হয়েছে। সাংবাদিকরা এ তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে জানতে পারেন দেশের বিভিন্ন সেক্টর সংস্কারের জন্য অর্ন্তবর্তীকালীন সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার জন্য প্রস্তাব করেছে। যা সরকারের কাছে জমা দেয়া জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদনের ১৮৭ এবং ১৮৮ নম্বর পৃষ্ঠায় উল্লেখ্য রয়েছে।

তবে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছে জানিয়েছেন, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার কোন তথ্য সরকারী ভাবে তিনি পাননি।

এদিকে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে কেটে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলাবাসী। রবিবার  সকাল থেকেই জেলাবাসী ফেসবুকের পোষ্টের মাধ্যমে প্রতিবাদ জানান। প্রস্তাব প্রত্যাখ্যান করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই বহাল রাখার দাবিতে ছাত্র-জনতার ব্যানারে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে যমুনা সেতুর পুর্ব প্রান্তের গোল চত্ত্বরের পাশে অবস্থান নেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

জেলার কালিহাতী, ভুঞাপুরসহ বিভিন্ন উপজেলা থেকে ছাত্র-জনতা মিছিল সহকারে এসে যমুনা সেতুর পুর্ব প্রান্তের গোল চত্ত্বরের পাশে অবস্থান নেন এবং দাবি আদায়ের লক্ষে স্লোগান দিতে থাকেন।

পরে দুপুর ১২টার দিকে তারা মহাসড়কে অবস্থান নেন। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে উত্তরবঙ্গ ও ঢাকাগামী যানবাহন আটকে পরে। এতে দুর্ভোগে পরেন যাত্রীরা। এ প্রতিবেদন লেখার সময় অবরোধ চলমান ছিল। আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।