চন্দনাইশের আশ্রয়ণ প্রকল্পে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে নুর হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানান, আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, উপজেলার বৈলতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খোদারহাট গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের এক গৃহবধূকে (৩০) দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা নুর হোসেন। গত ১ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে নুর হোসেন জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে ভিকটিমকে পুনরায় কু-প্রস্তাব দিলে ওই নারী স্বামীকে বিষয়টি জানায়। এরপর তিনি সামাজিকভাবে বৈঠক করে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। কিন্তু সমাধান না হওয়ায় এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার আসামি নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাফরাবাদ (খোদারহাট) গুচ্ছগ্রাম সাকিন আব্দুল গফুরের ছেলে।
পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পাশাপাশি নির্যাতনের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে।