চাকসুতে নজর কাড়ছেন সুফি মতাদর্শের ‘অহিংস ঐক্য প্যানেল’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের নজর কাড়ছেন সুফি মতাদর্শের ‘অহিংস ঐক্য প্যানেলে’র প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল সোমবার (১৩ অক্টোবর)। এই দিন ঐক্য প্যানেলের প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর ও বুদ্ধিজীবী চত্বরে প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালান। এতে অংশ নেন ভিপি পদপ্রার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম ও এজিএস পদপ্রার্থী শহীদুল ইসলাম শাহেদ। এসময় উপস্থিত ছিলেন প্যানেলের অন্যান্য সম্পাদকীয় পদের প্রার্থীরা। প্রার্থীরাও ভোট চেয়ে সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন।

ছবি: ক্যাম্পাস প্রতিনিধি

গ্রহণযোগ্য নির্বাচনের আশা প্রকাশ করে প্যানেলের ভিপি পদপ্রার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে আমরা চাকসু নির্বাচনে অংশ নিয়েছি। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। শেষ মুহূর্তে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালিয়ে বেশ সাড়া পাচ্ছি।

শেষ মুহূর্তের প্রচারণায় সাধারণ শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন প্যানেলের নির্বাহী সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সাব্বির রহমান বলেন, আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আশা করি সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করবেন।

ছবি: ক্যাম্পাস প্রতিনিধি

৯ অক্টোবর সহিংসতা বিরোধী মূল্যবোধকে ধারণ করে ১৬ দফা ইস্তেহার ঘোষণা করেছে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশে তৈরির লক্ষ্যে ১৬ দফা ইশতেহার ঘোষণা করা হয়।

২১ সেপ্টেম্বর চবির বুদ্ধিজীবী চত্বরে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।