হংকং এর মাটিতে জামাল-হামজাদের ম্যাচ দেখা যাচ্ছে বিটিভি ও বঙ্গ-তে

হামজা চৌধুরী, শমিত সোমদের হাত ধরে ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। বাছাইয়ের মাঝ নদীতে পৌঁছে সে আশা অনেকটাই ম্লান। তিন ম্যাচের একটি ড্র ও ঘরের মাঠে দুই হারে বাংলাদেশ গ্রুপের তলানিতে আছে এক পয়েন্ট নিয়ে। সাত পয়েন্টে গ্রুপের শীর্ষে থাকা হংকংকে ফিরতি ম্যাচে আজ হারাতে না পারলে শেষ হয়ে যাবে ১৯৮০ সালের পর চূড়ান্ত পর্বে খেলার আশা। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে প্রায় ৪৫ হাজার দর্শকের সামনে হামজাদের দিতে হবে অগ্নিপরীক্ষা। যে পরীক্ষায় সফল না হলে আরেকবার হতাশায় ডুব দিতে হবে দেশের ফুটবল ভক্তদের।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচ দেশের মাটিতে বসে কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না, এমনটাই মনে হচ্ছিল। তবে শেষ সময়ে এসে জানা গেছে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে খেলা। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ সম্প্রচার করবে ম্যাচটি। তাই বাংলাদেশের ‍ফুটবল ভক্তরা বিটিভি ও বঙ্গ-এর পর্দায় দেখতে পারবেন জামাল-হামজাদের ম্যাচটি। বঙ্গের জন্য অবশ্য সাবস্ক্রিপশন থাকতে হবে কোনো গ্রাহকের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি। 

আগে কখনো হংকংকে হারানো হয়নি বাংলাদেশের। নিজ আঙিনায় হাতছাড়া করার পর মিলেছে আরেকটা সুযোগ। বাংলাদেশ তা কাজে লাগিয়ে প্রতিশোধ নিতে পারে কি না, তার অনেকটাই নির্ভর করছে কাবরেরার সঠিক সিদ্ধান্তের ওপর।