মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ৬ বাংলাদেশি আটক

‎ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশু সহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩ টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক প্রাপ্ত বয়স্ক পুরুষ দুজন হলেন, নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) ও একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)।

বিজিবি জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে নারী শিশুসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। দুজন প্রাপ্ত বয়স্ক পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।