প্রথমার্ধে ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি: জামাল ভূঁইয়া

হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি ১-১ ড্র করে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এই ম্যাচটিতেও জামাল ভূঁইয়াকে প্রথম একাদশে খেলাননি কোচ হাভিয়ের কাবরেরা। হংকং থেকে ফিরে জামালের কণ্ঠে ফুটে উঠল হতাশা। সেইসঙ্গে জানালেন, দ্বিতীয়ার্ধে ভালো খেললেও তারা দ্বিতীয় গোলটি করতে পারেননি।

আজ বুধবার বিমানবন্দরে জামাল ভূঁইয়া বলেন, ‘প্রথমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয় খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। আমি ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ দল এখন ভালো খেলছে না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম।’

ম্যাচের ৮৭ মিনিটে রাকিব হোসেনের গোলে ম্যাচে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। জয় যখন একমাত্র লক্ষ্য, তখন কোচ হাভিয়ের কাবরেরা পাঁচ ডিফেন্ডার মাঠে নামান। সেদিকেই ইঙ্গিত করে জামাল আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে তারা (হংকং) লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’

হংকংয়ে অনুশীলন মাঠ নিয়ে অভিযোগ শোনা যাচ্ছিল। তবে এটাকে মনস্তাত্ত্বিক লড়াই হিসেবেই দেখছেন জামাল, ‘ওরা বলছে যে, ওরা যখন বাংলাদেশে ছিল সবচেয়ে খারাপ মাঠ পেয়েছে অনুশীলনের জন্য। প্র‍্যাকটিস যখন করেছি, তখন তো অভিযোগ করেছি। তবে এটা মনোস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ।’