আজ সিঙ্গাপুরকে হারিয়ে ইতিহাস গড়তে চান জামাল-হামজারা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের সেরা সিঙ্গাপুর। চার দলের গ্রুপে হংকং, বাংলাদেশ ও ভারতকে পেছনে ফেলে তারা যাচ্ছে ২০২৭ সালে সৌদি আরবে হতে যাওয়া মূল পর্বে।

তার আগে আজ বাছাইয়ের আনুষ্ঠানিকতা সারতে নামছে দলটি। সিঙ্গাপুরের জন্য ঘরের মাঠে ম্যাচটা নিছক আনুষ্ঠানিকতার হলেও বাংলাদেশের জন্য নয়। এই ম্যাচ জিতলে বেশ কিছু লক্ষ্যপূরণের সুযোগ থাকবে। প্রথমত জয়ের মধ্য দিয়ে অবসান হবে তাদের ৫৩ বছরের অপেক্ষার। এই জয়ে মিলবে আগামীর আত্মবিশ্বাস, যা পুঁজি করে বাংলাদেশ দেখবে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন। তৃতীয়ত ৩২ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে তাদের মাঠে হারিয়ে নিজেদের উন্নতির একটা প্রমাণও রাখা যাবে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে অনেক অর্জনের ম্যাচটা খেলতে নামবেন হামজা চৌধুরীরা।

এত এত অর্জন সবই দলগত। তবে ব্যক্তিস্বার্থে হাভিয়ের কাবরেরা খুব করে চাচ্ছেন শেষটা হোক জয় দিয়ে। তাতে টিকে যেতে পারে মসনদ। এই ম্যাচের পর বাংলাদেশের সঙ্গে চুক্তির বাকি সময়ে আর ডাগআউটে দাঁড়ানোর সুযোগ নেই তার। একটা জয়ে অন্তত আরেকবার চুক্তি নবায়নের আশা করতেই পারবেন কাবরেরা। যদিও ভিয়েতনামের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্সে বিশ্বাসের ভিত কিছুটা হলেও নড়ে গেছে। মহালড়াইয়ের আগে ভিয়েতনাম হারের ভুল শুধরানোর পাশাপাশি শিষ্যদের মনস্তাত্ত্বিক প্রস্তুতিটাও তাকে নিতে হয়েছে জোরেশোরে।
গত জুনে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা ছিল বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ। মার্চে ভারতে গিয়ে স্বাগতিকদের রুখে আসার পর ঘরের মাঠে এ ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহ আকাশ ছুঁয়েছিল। বিশেষ করে নিজ আঙিনায় সেটি ছিল হামজার প্রথম ম্যাচ। প্রিয় তারকাকে দেখতে ঢল নেমেছিল ঢাকা স্টেডিয়ামের গ্যালারিতে। মাঠে ফুটবলটাও বাংলাদেশ খেলেছিল মনে রাখার মতো। শুরু ও শেষের জোর লড়াইয়ে অবশ্য হার এড়াতে পারেনি, ২-১ ব্যবধানে সেই হার বাংলাদেশের গ্রুপ সেরা হওয়ার লড়াইটা কঠিন করে তোলে। এরপর ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪-৩ গোলে কষ্টের হারে অনেকটাই নিশ্চিত হয় ছিটকে যাওয়া। এর পরের দুই ম্যাচে অবশ্য বাংলাদেশ খেলেছে অন্য ব্র্যান্ডের ফুটবল।

হংকংয়ে গিয়ে ড্র করে আসার পর নভেম্বরে ঢাকায় ভারতকে হারায়। এরপর বড় বিরতি দিয়ে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে খেই হারায় তারা। সেই ধাক্কা সামলে আজ সিঙ্গাপুরকে বড় চ্যালেঞ্জ জানানো দলের মূল লক্ষ্য। হাভিয়ে কাবরেরা বলেন, ‘এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। এই এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। এই বাছাইয়ে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি তবে সম্ভবত আমরা যা আশা করেছিলাম তার চেয়ে কম পয়েন্ট পেয়েছি। তাই আমরা একটি ভালো সমাপ্তি চাই। আমরা আগামীকাল (আজ) একটি শক্তিশালী পারফরম্যান্স দেখাতে চাই এবং ৩ পয়েন্টের জন্য লড়াই করতে চাই।’

বাছাইপর্বে ঘরের চেয়ে বাইরেই বেশি উজ্জ্বল ছিল বাংলাদেশের পারফরম্যান্স। তিন অ্যাওয়ে ম্যাচের দুটিতেই হার এড়িয়েছে তারা। যা তাদের আজ অনুপ্রাণিত করছে। কাবরেরা এ প্রসঙ্গে বলেন, ‘কিছু খেলোয়াড় যুক্ত হওয়ায় আমাদের অভিজ্ঞতা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক ইতিবাচক দিক যোগ হয়েছে যা আমাদের অ্যাওয়ে ফলাফলগুলো নিয়ন্ত্রণে সাহায্য করেছে। আমরা ঘরের মাঠে ভারতের বিপক্ষে বিশাল জয় পেয়েছি তবে সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে পয়েন্ট হারিয়েছি যা ক্ষতি করেছে, যা পেলে মূল পর্বের জন্য লড়াই করার সুযোগ দিত।’

ভিয়েতনামের বিপক্ষে একাদশে ছিলেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। আজও থাকার কোনো নিশ্চয়তা নেই। তবে নিয়ম মেনে সংবাদ সম্মেলনে জানাতে হয়েছে দলের লক্ষ্য, ‘আমরা যদি ৩ পয়েন্ট পাই তবে ইতিহাস গড়তে পারব। বাংলাদেশ দলের জন্য ৮ পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক বিষয়। আমাদের সামনে আর একটি কাজ বাকি আছে। আমি মনে করি আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।’

জামাল সিঙ্গাপুর প্রবাসী সমর্থকদের প্রতি আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখছেন এবং যারা টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য হলেও একটা জয় উপহার দেওয়ার কথা বলেছেন। আর সিঙ্গাপুরের ৩৫ বছর বয়সী নয়া কোচ গ্যাভিন লি জয় দিয়েই মূল পর্বে পৌঁছানোটা উদযাপন করার কথা বলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত