ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) ওপরে উঠে গেছে ছাই। পরিস্থিতি বিবেচনায় আগ্নেয়গিরির সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে কর্র্তৃপক্ষ। দেশটির ভূতাত্ত্বিক সংস্থার বরাতে রয়টার্স জানায়, ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে প্রথম অগ্ন্যুৎপাত হয়, যা প্রায় ৯ মিনিট স্থায়ী হয়। পরে বুধবার সকালে আবার অগ্ন্যুৎপাত ঘটে, তখন ছাই ছড়ায় ৮ কিলোমিটার উচ্চতায় এবং স্থায়িত্ব ছিল প্রায় ৩ মিনিট।
ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ জানান, আগ্নেয়গিরির সক্রিয়তা সোমবার থেকেই অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এ কারণে সতর্কতার মাত্রা বাড়ানো হয়। তিনি জানান, ভারী বৃষ্টিপাত হলে ‘আগ্নেয় কাদার’ স্রোতের আশঙ্কা রয়েছে। এজন্য আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। পরিস্থিতি বিবেচনায় ছয় থেকে সাত কিলোমিটার এলাকা জুড়ে মানুষকে সরে যেতে বলা হয়েছে। গত বছর নভেম্বরে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১০ জনের মৃত্যু হয় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।