শততম মঞ্চায়নে ‘ডাকঘর’

দেশের আলোচিত নাটকের দল পালাকার দুই যুগের বেশি সময় ধরে স্টুডিও থিয়েটারকেন্দ্রিক নাট্যচর্চায় সক্রিয়। পালাকার নাট্যদলটি আবারও আলোচনায় ফিরছে তাদের দর্শকপ্রিয় প্রযোজনা ‘ডাকঘর’ নিয়ে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নাটকটি নতুনভাবে সাজিয়ে মঞ্চস্থ করা হচ্ছে। শততম মঞ্চায়নকে ঘিরে আজ থেকে টানা তিনটি প্রদর্শনী হচ্ছে নাটকটির। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবর্তনে নির্মিত এ নাটকের নির্দেশনা দিচ্ছেন শামীম সাগর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা এবং আগামীকাল শুক্রবার বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরপর প্রদর্শিত হবে প্রযোজনাটি।

নাটকের কাহিনিতে দেখা যায় শরৎঋতুর প্রেক্ষাপটে ছেলেদের প্রাণোচ্ছল উৎসব, যেখানে গগন হরকরার সুরের সঙ্গে বাজে মাধবদত্তের অন্তর্গত সাড়া। কবিরাজের চেষ্টায়ও মাধবের ভেতরের অস্থিরতা ধরা পড়ে না। এরই মধ্যে মুক্তমনের প্রতীক হয়ে হাজির হয় ঠাকুরদা, যিনি বদ্ধ জীবনের প্রতি উদাসীন। তার চলে যাওয়ার পর মাধবের প্রাণ যেন পাখি হয়ে ডানা মেলে সেই রূপান্তরেরই নাম অমল। এই অমল চরিত্র যেন মাধবের রুদ্ধ স্বপ্ন আর মুক্তির আর্তির প্রতিরূপ।

‘ডাকঘর’ নিয়ে নির্দেশক শামীম সাগর বলেন, ‘আমরা সবাই ভেতরে ভেতরে এক ধরনের টানে টিকে আছি। এক সীমিত সত্তাকে ছাড়িয়ে মহাবিশ্বের অসীম শরীর আমাদের টানে আহ্বানের মতো। পূর্ণতাকে আঁকড়ে ধরার সেই বাসনা যখন কোনো মানুষের জীবনে আসে, মৃত্যুও তখন আর নিঃশেষ নয়, হয়ে ওঠে মুক্তির দরজা। ‘ডাকঘর’ সেই মুক্তির উৎসব নিয়েই এগোয়। এখানে বিষণœতার কোনো প্রাচীর গড়ে ওঠে না। শততম মঞ্চায়ন ঘিরে দলের পুরনো সদস্যরাও নেপথ্যে ব্যস্ত, যা পুরো আয়োজনকে এক উৎসবমুখর আবহ দিচ্ছে। আশা করছি, প্রযোজনটি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী শর্মী, ফরহাদ লিমন, সুমন, আশিক, শুভ, নাহিদা শারমিন, নাহরিন, ইকতারুল, তুহিন, সেতু, শাহজাহান, পিটার, রবিন ও আমিনুর রহমান মুকুল।