বকেয়া বেতন না পেয়ে বসুন্ধরার সঙ্গে চুক্তি বাতিল করলেন তারিক কাজী

২০১৯ সাল থেকে বসুন্ধরা কিংসের একজন ছিলেন ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশে জাতীয় দলের সেন্টার ব্যাক তারিক কাজী। তবে আজ বকেয়া বেতন না পেয়ে কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এ ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেইজে তারিক লেখেন, ‘আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে আমার চুক্তি বাতিল করেছি বসুন্ধরা কিংসের সাথে। একজন ফুটবলারের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন নীরবতা বহন করা প্রচন্ড বোঝা হয়ে দাঁড়ায়।এক বছরেরও বেশি সময় ধরে আমি অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু একজন পেশাদার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও পরীক্ষা করেছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না; এটি ছিল এক মানসিকচাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশাব্দ বহন করে। তবুও প্রতিদিন আমি একই ভালোবাসা নিয়ে জেগেছি মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি, আর অন্তরে লড়েছি এক নীরব যুদ্ধ: ভালোবাসা ও অবিচারের মাঝে।’

তবে কিংসের কোচ ও সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তারিক, ‘আমার গভীর কৃতজ্ঞতা জানাই আমার সতীর্থদের অস্কার জজন, টিটা ভ্যালেরিউ এবং মারিও গোমেজসহ পুরো টেকনিক্যাল স্টাফকে, যারা নিরলস পরিশ্রম করেছেন, এবং সেই সমর্থকদের, যাদের কন্ঠ আমাকে শক্তি দিয়েছে যখন সবকিছু অনিশ্চিত মনে হয়েছে। আমি বাংলাদেশ জাতীয় দলকেও ধন্যবাদ জানাতে চাই। যখনই আমি লাল-সবুজ জার্সি পরে মাঠে নেমেছি, সেটি আমার কাছে ছিল পরিত্র এক অনুভূতি। সেই মুহূর্তগুলোতে আমি সব কষ্ট ভুলে গিয়েছি কারণ বাংলাদেশের হয়ে খেলা আমাকে মনে করিয়ে দিয়েছে, ফুটবল তার আসল কাপ এখনো পবিত্র।’