ফিফা উইন্ডোর বিরতির আগে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ২-১ গোলে হতাশাজনক হারের পর মোহামেদ সালাহর রক্ষণে ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ম্যাচে শেষ মুহূর্তে গোল করে চেলসি। পরে চেলসির লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া জানান, তারা সচেতনভাবেই সালাহর দিক টার্গেট করেছিলেন, কারণ সালাহ নাকি রক্ষণে তেমন সহায়তা করেন না।
কুকুরেয়ার এমন কথার পর থেকেই হয় সমালোচনা। আজ শুক্রবার সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ আর্না স্লট সালাহর পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, 'আমি কুকুরেয়ার মন্তব্য দেখেছি, কিন্তু আমি আপনাকে পাঁচ-ছয় মুহূর্ত দেখাতে পারি যেখানে সালাহ পার্থক্য গড়ে দিতে পারতো। তাহলে আলোচনা অন্যরকম হতো। সবসময় উইঙ্গার ও ফুলব্যাকের মধ্যে ভারসাম্যটা গুরুত্বপূর্ণ। আমি চাই আমার উইঙ্গাররাও আক্রমণ করুক। আমাদের সঠিক ভারসাম্যটা খুঁজে বের করতে হবে।'
রবিবার অ্যানফিল্ডে লিভারপুল মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। রেড ডেভিলরা চাইবে সালাহ যেন আক্রমণের চেয়ে রক্ষণেই বেশি সময় ব্যয় করেন।