জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য ২ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে।’
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনে এনসিপির শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিক শক্তি’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে, অধিকারের জন্য লড়বে।’ তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অন্তর্র্বর্তী সরকারের সময় অনেকটি কমিশন হয়েছে। শ্রম কমিশন হয়েছে। কিন্তু এই কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। মানুষের জীবনের সঙ্গে যে যে জনসেবামূলক প্রতিষ্ঠান জড়িত, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত, তার সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই। শুধু নির্বাচনকেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানে গণতন্ত্র নিয়ে আমরা তাদের ভালো কোনো ইনটেনশন দেখতে পাইনি।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিগত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। ন্যায্য মজুরির জন্য চব্বিশের শুরুর দিকেও আন্দোলনে নামতে হয়েছিল তাদের। পুলিশের গুলিতে শ্রমিক মারা গিয়েছিলেন। সে সময় শ্রমিকের অধিকার ছিল না। কিন্তু ঐক্য প্রক্রিয়ায় তাদের রাখা হয়নি।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল, তাদের আইনের আওতায় আনা হয়নি। বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। তারা শ্রমিকদের শোষণ করেছে। যারা দেশের অর্থনীতি সচল রাখছে, তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি।’
নাহিদ বলেন, ‘আমরা মনে করি গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক লড়াইও আমাদের চালিয়ে যেতে হবে। পূর্বে যে উন্নয়নের গালগল্প শোনানো হয়েছিল সেই উন্নয়ন কাঠামো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ও বাংলাদেশের সব উন্নয়নের ঊর্ধ্বে থাকতে হবে মানবিক মর্যাদা।’
তিনি বলেন, ‘আমরা সব সময় জানি, রাজপথের শক্তি জয়ী হয়। ইনশাআল্লাহ, জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে। শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে।’
বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম ফকির। সদস্য সচিব শ্রমিকনেতা রিয়াজ মোর্শেদ। মুখ্য সংগঠক শ্রমিক নেতা আরমান হোসেন।