বগুড়ায় ডাকাতিকালে খুন মালামাল লুট, গ্রেপ্তার ৪

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় খুনসহ ডাকাতির ঘটনায় মূলহোতা জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে পাঁচ-সাতজন ডাকাত ঢোকে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং ২-৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এ সময় ডাকাতদল বিমলা পোদ্দারকে (৬৭) শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নওদাপাড়া এলাকার জুয়েল প্রাং (২৬), শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাহালুল প্রামাণিক রাজু (২৯), কাহালু উপজেলার পোগইল এলাকার ইমরান (৩১) ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা এলাকার আসলাম (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার, নিহত ভিকটিম বিমলার মোবাইল ফোনসহ দুটি লুট হওয়া ফোনসেট উদ্ধার করা হয়েছে।