চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাদে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চমেক হাসপাতাললের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত মিশকাত চট্টগ্রামের বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের বাসিন্দা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের ছাদে মেরামতের সময় এসি বিস্ফোরণ হয়। এতে গণপূর্ত বিভাগের আউটসোর্সিং টেকনিশিয়ান শওকত, মিশকাত ও শাখাওয়াত গুরুতর দগ্ধ হন। দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার দিনই শওকত মারা যান। শুক্রবার সকালে মারা যান মিশকাত। শাখাওয়াত এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল জানায়, বিস্ফোরণের সময় এসির বক্সে হঠাৎ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এ ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।