হালুয়াঘাটে বিএনপি নেতার ব্যক্তিগত অর্থায়নে কাঠের সেতু নির্মাণ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের দড়িনগুয়া কান্দাপাড়া গ্রামে গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে একটি কাঠের পায়ে হাঁটার সেতু নির্মাণ করেছেন।

শনিবার সকালে তিনি গ্রামবাসীর সঙ্গে সেতুটি উদ্বোধন করেন এবং সেতুর নিচের গভীর খাদে মাটি ভরাট করার আহ্বান জানান উপজেলা প্রশাসনের প্রতি। উদ্বোধনের পর তিনি স্থানীয়দের নিয়ে মোনাজাতে অংশ নেন।

দীর্ঘদিন ধরে দড়িনগুয়া কান্দাপাড়া থেকে হালুয়াঘাট প্রধান সড়কে ওঠার পথে বিশাল খাদ থাকায় এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এমরান সালেহ প্রিন্সের অর্থায়নে কাঠের সেতুটি নির্মাণ করেন।

উঠান বৈঠকে এমরান সালেহ প্রিন্স বলেন, “বিএনপি সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক, সব সময় জনগণের পাশে থাকে। মানবতার কল্যাণে বিএনপি কাজ করে।”

তিনি আরও বলেন, “দুর্নীতি, লুটপাট, দমন-নিপীড়ন চালিয়ে জনগণের অধিকার হরণ করে আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। তারা রাজনীতি থেকে পালিয়ে গেছে এবং আর ফিরতে পারবে না।”

তার অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তা, ব্রিজ, মসজিদ, কবরস্থান উন্নয়নের নামে সরকারি টাকা লুট করেছে; অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা নিজেদের অর্থে স্বেচ্ছাশ্রমে এসব স্থাপনা নির্মাণে আত্মনিয়োগ করছে।

তিনি বলেন, “ধানের শীষ উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতীক; আর নৌকা দুর্নীতি, লুটপাট, দমন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতীক।”

প্রিন্স অভিযোগ করেন, কিছু দল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে। তিনি বলেন, “বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এবং ক্ষমতায় এলে কুরআন-সুন্নাহবিরোধী কোনো পদক্ষেপ নেবে না।”

তিনি গ্রামবাসীকে বিভ্রান্ত না হয়ে “ধানের শীষ” প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন আব্দুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপনসহ স্থানীয় নেতাকর্মীরা।