ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান এবং অনেকদিন পর দলে ফেরা সৌম্য সরকার দুজনেই আউট হয়ে গেছেন। সাইফ ৬ বলে ৩ এবং সৌম্য করেছেন ৬ বলে ৪ রান। ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের ৫ম বলে সাইফ হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রোমারিও শেফার্ড। পরের ওভারেই জেইডেন সিলসের বলে রোস্টন চেজের তালুবন্দি হয়ে ফেরেন। যদিও তিনি রানের খাতা খুলেছিলেন দারুণ এক বাউন্ডারিতে।
ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। ওয়ানডেতে সবচেয়ে বেশি খারাপ। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে হার। হারতে হয়েছে সর্বশেষ চারটি সিরিজে। একসময়ের ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেই এখন বাংলাদেশ সবচেয়ে দুর্বল। মাস ছয়েক আগেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে মেহেদি মিরাজের দল। র্যাঙ্কিংয়ে একধাপ এগোতে হলে ওয়েস্ট ইন্ডিজকে ৩–০ তে হারাতে হবে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অলিক আথানেজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।