ইয়াসিরের ছক্কার ঝড়ে সেঞ্চুরি পেলেন না সাইফ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

এশিয়া কাপ রাইজিং স্টার্সে দারুণ সূচনা করেছে বাংলাদেশ 'এ' দল। আজ নিজেদের প্রথম ম্যাচে হংকং-চায়নাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারান সাইফ হাসানরা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান করে হংকং-চায়না। লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারালেও সাইফ ও ইয়াসির আলীর রাব্বির ফিফটিতে ৫৪ বলে আগেই জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

কাতারের দোহায় টস জিতে প্রতিপক্ষককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক সাইফ। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে শুরু থেকেই বাংলাদেশের বোলাররা চাপে রাখেন হংকং-চায়নার ব্যাটসম্যানদের। ইনিংসের পঞ্চম ওভারে জিসান আলীকে ফিরিয়ে শুরুটা করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর ব্যক্তিগত ১০ রানে বাবর হায়াতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তরুণ পেসার ইকবাল হোসেন ইমন। সাইফ নিজেও বল হাতে রিয়ানশ শর্মাকে আউট করেন।

৫২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হংকং-চায়না। আংশুমান রাথ ও আজিজ খানের (৬৭) ব্যাটে আসে গুরুত্বপূর্ণ রান। ৭৭ রান করা রাথকে ফিরিয়ে ১২৮ রানের এই জুটি ভাঙেন রাকিবুল হাসান। একই ওভারে আব্দুর সামাদ রান আউটের শিকার হলে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে হংকং-চায়না। একপর্যায়ে ১৯২ রানের মধ্যে ৭ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত তোলে ২১৯ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইমন।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২৩ রানে ওপেনার পারভেজ হোসেন ইমন ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দল। তবে সেই চাপ সামাল দেন শাহাদাত হোসেন ও অধিনায়ক সাইফ। দ্বিতীয় উইকেটে দুজনের ৮৪ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। ৪৩ রান করে শাহাদাত ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সাইফ। 

পরে ইয়াসির আলীকে নিয়ে জয়ের বাকি পথ পাড়ি দেন অধিনায়ক। ইয়াসিরও তুলে নেন অর্ধশতক। শেষ দিকে টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে জয়ের পথ আরও সহজ করে দেন তিনি। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ 'এ' দল। সাইফ ১১৬ বলে ৮৬ ও ইয়াসির ৫১ বলে ৭১ রানে অপরাজিত থাকেন।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত