জয়পুরহাটের ক্ষেতলালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কামারগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন (৫৮) উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, একই উপজেলার ইসলামপুর গ্রামের নাঈম হোসেন (২২) ও ফিরোজ হোসেন (২২) এবং পাইকরপাড়া গ্রামের হাবিবুল (১৮)।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, দুই আরোহী নাইম ও ফিরোজকে নিয়ে হাবিবুল মোটরসাইকেলে বটতলী বাজার থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। পথে কামারগাড়ি এলাকায় বিপরীতদিক থেকে আসা নাসির উদ্দিনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত নাইমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও হাবিবুল জয়পুরহাট হাসপাতালে রেফার্ড করা হয়।