শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড

ঢাকা থেকে চট্টগ্রামে শাহ আমানতে ৮ ফ্লাইটের ডাইভারশন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের কারণে শনিবার (১৮ অক্টোবর) বিকেল পাঁচটা পর্যন্ত চারটি আন্তর্জাতিক ও চারটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকা থেকে ডাইভারশন হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল এ তথ্য জানিয়েছেন।

কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত আটটি ফ্লাইট ঢাকা থেকে ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে চারটি ছিল চট্টগ্রাম টু ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট এবং বাকি চারটি আন্তর্জাতিক ফ্লাইট। এদিকে দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাটিক এয়ারের কুয়ালালামপুরগামী ওডি-১৬৩ এবং ইন্ডিগোর মুম্বাইগামী ৬ই-১১১৬ বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে।

এছাড়া একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে আসা ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহ  থেকে আসা ফ্লাইট দুটিই চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে আসা ইন্ডিগো ফ্লাইটটি কলকাতায় নেমেছে। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট আকাশে চক্কর দিচ্ছে, অবতরণ করতে পারছে না বলে জানা গেছে।

অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও এ ঘটনায় প্রভাবিত হয়েছে। সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে চট্টগ্রাম  থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট পুনরায় চট্টগ্রামে ফিরে এসেছে।