মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ কেনাবেচার অপরাধে ১০ জন ক্রেতা-বিক্রেতাকে ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩৫ কেজি ইলিশ ও ৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার লৌহজং উপজেলার শামুরবাড়ি থেকে ডহরী গ্রাম পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালান উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, সেনাবাহিনী ও কোস্টগার্ড।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছারউদ্দিন আটক ক্রেতা বিক্রেতার মধ্যে মো. সজীবকে ৪ হাজার টাকা, মো. জয়নাল উদ্দিনকে ৪ হাজার ৫০০ টাকা, মো. রাজু বেপারীকে ৪ হাজার টাকা, মো. পাভেল শেখকে ৫ হাজার টাকা, সোহাগ আহমেদকে ৫ হাজার টাকা, মো. হিরণ শেখ ১ হাজার টাকা, আবুল হাশেমকে ৫ হাজার টাকা, মো. রবিন ৫ হাজার টাকা এবং মো. লিটন ও রকিব শেখকে ১০০ টাকা করে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছারউদ্দিন জানান, শনিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালান। আটক ১০ ক্রেতা-বিক্রেতাকে জরিমানা করে জরিমানার টাকা আদায় করা হয়। এছাড়া জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি জব্দ করা ইলিশ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস জিকো বম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম।