জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি ছিটকে যায়নি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করেও এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা অনুষ্ঠানে গেছে, তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে। গতকাল শনিবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি আইনি ভিত্তি ছাড়া কেবল লোক দেখানো’ এমন মন্তব্য করে নাহিদ বলেন, ‘আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করায় সেটা মূল্যহীন। এ কারণেই গত শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি তার দল। বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু দল সমঝোতা করেছে, কিন্তু এনসিপি তা করেনি।’

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশন আলোচনায় ডাকলে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই।’

নাহিদ বলেন, ‘জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাক্সক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি। আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে।’

তিনি বলেন, ‘যেসব দল স্বাক্ষর করেছে, তাদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য করেছে। তবে এখন এটাকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।’

দলীয় প্রতীকের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি। এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহ রয়েছে জনমনে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও তদন্তের দাবি জানান তিনি।