প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তাই ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থা কিংবা অন্য কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন নিজস্ব আইন, কানুন ও নিয়ম-নীতি মেনে নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে। এখানে কারও কোনো প্রভাব বা নির্দেশনা নির্বাচন কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং আমরা তা শুনবও না।’
গতকাল শনিবার বিকেল ৫টার দিকে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের বিভাগীয় প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
নাসির উদ্দিন আরও বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। আপনারা জানেন, প্রথমবারের মতো বাংলাদেশি প্রবাসীদের ভোটের আওতায় আনার চেষ্টা করছি। বিদেশে বসবাসকারীদের এই ভোটের আওতায় নিয়ে আসা আগে ছিল না। অনেক পরীক্ষা-নিরীক্ষা করে আমরা একটি অপশন বের করেছি। আমাদের যত চ্যালেঞ্জ আসুক, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের সমস্যা আসুক, আমরা আইনের মাধ্যমে মোকাবিলা করব।’
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি দলের প্রতীক নিতে গেলে আইনানুগ বিধান রয়েছে। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত যে প্রতীক আছে, সেখান থেকেই নিতে হয়; এটাই আইনের বিধান। তারা যেটা চেয়েছেন, সেটি আমাদের তালিকাভুক্ত নয়, তাই এটি আমাদের দেওয়া সম্ভব নয়।’
এর আগে সকাল ১০টায় বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে বরিশালের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন তিনি।